১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পি.এম

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক।

উপাচার্য বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।”

ড. নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “বঞ্চনার শিকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেওয়া হয়েছে, অনিয়ম করে নয়।”

তিনি আরও বলেন, “আমার দায়িত্ব নেয়ার সময় যে প্রেক্ষাপট ছিল, সেই পরিস্থিতির অনেকটাই এখন উন্নত হয়েছে।”

উপাচার্য স্পষ্ট করেছেন যে, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনে তিনি সহযোগিতামূলক ভূমিকা রাখতে প্রস্তুত থাকবেন। তবে আপাতত তিনি মূল পেশা শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। এখানে ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ড. নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন।