দীর্ঘদিনের প্রচলিত ছুটির কাঠামোতে পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতে ডিসেম্বরজুড়ে টানা বার্ষিক ছুটি থাকছে না। এর পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা—ডিসেম্বরে ১৫ দিন এবং জুনে ১৫ দিন করে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন ছুটির ব্যবস্থা কার্যকর করা হবে।
ফুলকোর্ট সভায় আরও সিদ্ধান্ত হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদায়ন করা হবে। এর মধ্যে ইতোমধ্যে ৬ জন কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এই সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এতে অংশ নেন। সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভাটি অনুষ্ঠিত হয়।