দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকপ্রাপ্তদের তালিকা গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। চলতি বছর এই তালিকায় মোট ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তাদের মধ্যে শোবিজের চারটি উজ্জ্বল নক্ষত্র আছেন।
অভিনয়ের ক্ষেত্রে এই বছর একুশে পদক পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী ববিতা। তার এই পদক তিনি উৎসর্গ করেছেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকে।
সংবাদ মাধ্যমকে ববিতা বলেন, “অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভক্ত-দর্শকের প্রতি। তারা সব সময়ই আমার কাজে অনুপ্রেরণা দিয়েছেন, ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই আমি আজকের ববিতা। কৃতজ্ঞতা সংবাদমাধ্যমের প্রতি। আমার অভিনয়জীবনের শুরু থেকে সংবাদমাধ্যম সব সময় আমার পাশে ছিল।”
তিনি আরও যোগ করেন, “শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা, চলচ্চিত্রে আসা, তাই আমার একুশে পদকটি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।”
ববিতার চলচ্চিত্রজীবন দীর্ঘ ও সমৃদ্ধ। ১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমার জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। এর পর ১৯৭৬ সালে ‘নয়নমণি’ এবং ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ সিনেমার জন্য একই সম্মাননা লাভ করেন।
পরবর্তীতে ‘রামের সুমতি’, ‘হাছন রাজা’, ‘পোকামাকড়ের ঘরবসতি’ (শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে) এবং ‘কে আপন কে পর’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ববিতা। চলচ্চিত্রে দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিতে ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
ববিতার এই পদক উৎসর্গের মাধ্যমে প্রয়াত জহির রায়হানের প্রতি তার গভীর শ্রদ্ধা ও অভিনয় জীবনের প্রেরণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।