৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পি.এম

আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড সাবস্ক্রিপশন , মিলতে পারে নতুন সুবিধা

আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড সাবস্ক্রিপশন , মিলতে পারে নতুন সুবিধা

দীর্ঘদিন ধরে বিনামূল্যে ব্যবহারের অভ্যাস থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর তালিকায় থাকা এই তিন প্ল্যাটফর্মের জন্য শিগগিরই চালু হতে পারে আলাদা ‘পেইড ভার্সন’। টেকক্রাঞ্চ ও বিবিসির প্রতিবেদনে এমনই আভাস পাওয়া গেছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—এই তিনটিরই মূল প্রতিষ্ঠান মেটা, যার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এতদিন ব্যবহারকারীরা ইন্টারনেট ডাটার খরচ ছাড়া এসব অ্যাপ ব্যবহারে কোনো অর্থ ব্যয় করেননি। যদিও ভেরিফায়েড প্রোফাইলের জন্য নির্দিষ্ট মাসিক ফি চালু ছিল, তবু সাধারণ ব্যবহারকারীদের জন্য সেবাগুলো পুরোপুরি ফ্রি ছিল।

তবে পরিস্থিতি বদলাতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেইড সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীদের জন্য বিশেষ ও উন্নত ফিচার যুক্ত করবে মেটা। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে এসব পেইড সংস্করণ চালু হতে পারে।

তবে মেটা স্পষ্ট করেছে, আগের মতোই অ্যাপগুলোর মৌলিক সেবাগুলো বিনামূল্যে চালু থাকবে। অর্থাৎ সাধারণ ব্যবহারকারীরা ফ্রি সংস্করণ ব্যবহার করতে পারবেন, আর অতিরিক্ত সুবিধার জন্য নিতে হবে পেইড সাবস্ক্রিপশন।

এআই ও কনটেন্ট তৈরির সুবিধা

প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসগুলোতে বান্ডেল আকারে পেইড সেবাগুলো চালু হতে পারে। প্রতিটি অ্যাপের জন্য আলাদা কিছু ফিচার থাকবে, যেগুলো ব্যবহার করতে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

এই পেইড ফিচারগুলোর মধ্যে থাকতে পারে কনটেন্ট তৈরি সহজ করার টুল, সৃজনশীল ফিচার এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। পেইড সংস্করণের পাশাপাশি বর্তমানে চালু থাকা ভেরিফায়েড প্রোফাইল সেবাও বহাল থাকবে।

সম্প্রতি মেটা ‘মেইনাস’ নামে একটি নতুন এআই স্টার্টআপ অধিগ্রহণ করেছে। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের আধুনিক এআই প্রযুক্তি পেইড সাবস্ক্রিপশনের অংশ হিসেবে যুক্ত করা হতে পারে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটা তাদের ‘ভাইবস’ এআই ভিডিও জেনারেটর অ্যাপে ‘ফ্রিমিয়াম’ মডেল চালুর পরিকল্পনাও করছে।

ফলোয়ার ও স্টোরি সংক্রান্ত নতুন অপশন

সম্ভাব্য নতুন ফিচারগুলোর মধ্যে একটি হলো ইনস্টাগ্রামে এমন ব্যবহারকারীদের তালিকা দেখার সুযোগ, যাদের আপনি ফলো করছেন কিন্তু তারা আপনাকে ফলো করছেন না। বর্তমানে ফ্রি সংস্করণে কেবল ফলো ও ফলোয়ার আলাদাভাবে দেখা গেলেও এই ধরনের ফিল্টার সুবিধা নেই।

আরেকটি আলোচিত ফিচার স্টোরি সংক্রান্ত। ফেসবুক ও ইনস্টাগ্রামে স্টোরি কে দেখেছে, তা জানা গেলেও ওয়ালের পোস্ট বা অন্যান্য কনটেন্টে এমন সুবিধা নেই। ফলে অনেক ব্যবহারকারী গোপনে কারও প্রোফাইল দেখলেও স্টোরি দেখা এড়িয়ে চলেন।

পেইড সংস্করণে এই সীমাবদ্ধতা কাটতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে ‘অ্যানোনিমাস’ বা বেনামি পরিচয়ে অন্যের স্টোরি দেখতে পারবেন। তবে এই ‘ভুতের মতো’ স্টোরি দেখার সুবিধা পেতে অর্থ ব্যয় করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি মেটা।

এখন পর্যন্ত পেইড সাবস্ক্রিপশন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে টেকক্রাঞ্চ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ফিচারগুলো চালুর পর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে মেটা। ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে পেইড ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবার পরিধি ও দিকনির্দেশনা।