টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল আত্মবিশ্বাসী জয়ে। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে, হাতে ছিল ৩৯ বল।
ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল জিম্বাবুয়ের দখলে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ওমান। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেটের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আফ্রিকার দলটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওমান। জিম্বাবুইয়ান পেসারদের আগ্রাসী বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন সুফিয়ান মেহমুদ ও ভিনায়েক শুক্লা। শুক্লা ২১ বলে ২৮ রান করে আউট হন, আর সুফিয়ান খেলেন ৩৯ বলের ধীরগতির ২৫ রানের ইনিংস। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
৯৬ রানে ৯ উইকেট হারানোর পর নাদিম খানের ১৮ বলে ২০ রানের ক্যামিওতে কোনোমতে শতরান পার করে ওমান।
জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই অনুভব করেনি জিম্বাবুয়ে। মারুমানি ও বেনেটের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে তারা, যা বিশ্বকাপ মিশনের শুরুতে দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।