৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পি.এম

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল বহনের ওপর বিধিনিষেধ আরোপ করায় ক্ষুব্ধ হয়েছেন সাংবাদিকরা। নির্বাচনী কাজের জন্য মূলত মোবাইল ব্যবহারকারী সাংবাদিকরা মনে করছেন, এই সিদ্ধান্ত তাদের পেশাগত কাজকে বাধাগ্রস্থ করবে।

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি নির্দেশনা জারি করেছে যে, প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ এবং অঙ্গীভূত আনসার বা ভিডিপি ব্যবহারকারী দুইজন ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশনা ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধে প্রযোজ্য হবে।

বিটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, “নির্দেশনায় সাংবাদিকদের নাম না থাকায় আমরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারব না। এই অবস্থায় আমরা কীভাবে কাজ করব? নির্বাচনের ছবি-ভিডিও ধারণ এবং জরুরি খবর পৌঁছে দেওয়ার জন্য মোবাইল অপরিহার্য।”

তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচনের দিন কোনো সাংবাদিক যদি হামলার শিকার হন, মোবাইল ছাড়া তিনি তা সহকর্মীদের জানাতে পারবেন না। এটি সাংবাদিকদের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। মোবাইল কোথায় রেখে যাবেন, তা নিয়েও সমস্যা হবে। তাই হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া অসঙ্গত।”

সাংবাদিকদের বক্তব্য, মোবাইল ছাড়া মাঠ পর্যায়ে কার্যকর সংবাদ সংগ্রহ করা এখন প্রায় অসম্ভব। তারা দাবি করেছেন, এই নির্দেশনা বাতিল করা উচিত, কারণ এটি গণমাধ্যম ও জনগণের জন্য ক্ষতিকর।

এর আগে রোববার ইসি জানিয়েছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে শুধুমাত্র নির্দিষ্ট তিন শ্রেণির ব্যক্তি মোবাইল ব্যবহার করতে পারবেন।