৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এ.এম

ভারতকে আবারও হারানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ভারতকে আবারও হারানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

নেপালের পোখারায় আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের সঙ্গে।

২০২৪ সালের নাটকীয় ফাইনালের এক বছর পর আবারও এই টুর্নামেন্ট ফিরে এসেছে। গতবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকার ১১-১১ সমানে শেষ হয়। তাই দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

এইবার গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রধান কোচ পিটার বাটলার বলেন, “আমরা অনুশীলন যতটা সম্ভব কম করার চেষ্টা করেছি। কারণ অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়। অন্যান্য দেশও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রধান লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো। সবার সুস্থতা আমার কাছে সবার আগে।”

বাটলার আরও বলেন, “ওরা (ভারত) কীভাবে খেলবে সেই সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড় আছে। আমাদের সেরা ফর্মে থাকতে হবে, একদম সতেজ। সবচেয়ে বড় কথা, তাদের আবারও হারাতে হবে।”

ইনজুরির কারণে কোচকে টুর্নামেন্টে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। তিনি মনে করেন, শনিবারের ফাইনালে রিজার্ভ বেঞ্চের শক্তি ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

ইতিহাসও বাংলাদেশ দলের জন্য অনুকূল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়েছিল, আর পরের বছর যুগ্ম চ্যাম্পিয়ন হয় দুদল। এবার টাইগারদের সামনে সুযোগ এসেছে এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার।