টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর মাত্র একদিন আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেছেন উদীয়মান পেসার হার্ষিত রানা। গত বুধবার নভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। ফলে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে একজন কার্যকর পেসারকে হারালো ভারত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন হার্ষিত। ছয় বলের সেই ওভারে ১৬ রান খরচ করার পর দ্বিতীয় ওভারের রানআপ নিতে গিয়ে দুবার বাধার সম্মুখীন হন তিনি। শেষ পর্যন্ত হাঁটুর তীব্র অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ডানহাতি পেসার। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, তার ডান হাঁটুর লেটারেল মেনিস্কাস ছিঁড়ে গেছে। চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
দলের এই সংকটময় মুহূর্তে অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, হার্ষিতের ছিটকে যাওয়া দলের জন্য একটি বড় ধাক্কা। তবে দলের বেঞ্চের শক্তি নিয়ে আত্মবিশ্বাস ঝরল তার কণ্ঠে। অধিনায়ক বলেন, হার্ষিতকে না পাওয়া দুর্ভাগ্যজনক হলেও তাদের হাতে বিকল্প পরিকল্পনা এবং শক্তিশালী ব্যাকআপ খেলোয়াড় রয়েছে।
হার্ষিত রানার ইনজুরি নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতির অপেক্ষায় থাকলেও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। বিশ্বকাপের মতো বড় আসরে হার্ষিতের অভাব সিরাজের অভিজ্ঞতা দিয়ে পূরণ করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।