৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পি.এম

ফুটবল খেলাকে কেন্দ্র করে জবিতে মারামারি, সহকারী প্রক্টরসহ কয়েকজন আহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে জবিতে মারামারি, সহকারী প্রক্টরসহ কয়েকজন আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি অমীমাংসিত থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় পায়।

খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাঠে দায়িত্ব পালনরত শিক্ষক মোহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ খায়রুল ইসলাম ও নাজমুস সাকিব আহত হন।

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আবু মুসা, মো. মিন্টু, মোহাম্মদ রিফাত ও ফাতেমা আলীসহ আরও কয়েকজন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।