৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পি.এম

রাত ১০টা থেকে দেখা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল, সি ইউনিটে পাসের হার সর্বোচ্চ

রাত ১০টা থেকে দেখা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল, সি ইউনিটে পাসের হার সর্বোচ্চ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, তিনটি ইউনিটের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের সি ইউনিটে পাসের হার সবচেয়ে বেশি, আর সর্বনিম্ন পাসের হার বি ইউনিটে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টা থেকে ভর্তিসংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

ফল অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের সি ইউনিটে পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ নিয়ে গঠিত বি ইউনিটে পাসের হার সবচেয়ে কম, যা ৫৪ দশমিক ৭৬ শতাংশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

গত ৩০ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৩১ জানুয়ারি বি ও সি ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। এ বছর কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বি ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৭ হাজার ৬১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৩৮৯ জন, যা মোট আবেদনকারীর ৭৮ দশমিক ১৩ শতাংশ। কুমিল্লা কেন্দ্রে ২৪ হাজার ৯৯১ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬২৩ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ২৮২ জন।

সি ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১২ হাজার ৮৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৩৩৩ জন, উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ। কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জনের মধ্যে ৭ হাজার ৯৯১ জন এবং রাজশাহী কেন্দ্রে ২ হাজার ৮৬১ জনের মধ্যে ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা মহামারির সময় ইউজিসির নির্দেশনায় ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন আপত্তির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের মতো এই স্বতন্ত্র পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।