জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ ছরওয়ার আলমকে আটক করে। পরে তাকে ডিবি (গোয়েন্দা বিভাগ) হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ছরওয়ার আলমের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় ছরওয়ার আলমের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মামলার নথি অনুযায়ী, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ১৭, ১৮, ২৫, ২৬ ও ২৭ ধারায় করা ওই মামলাটি করেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম। মামলায় ছরওয়ার আলমকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ার আলমসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে প্রবেশ করে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। এরপর ওই অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়, যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা এবং দাঙ্গা-হাঙ্গামা উসকে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সাক্ষী ও সংশ্লিষ্টরা ওই এক্স (টুইটার) হ্যান্ডেলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হন।