৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পি.এম

এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের ঘরে এসেছে সুখবর। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। তার স্ত্রী নাফিসা একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কন্যার আগমনে পরিবারজুড়ে এখন আনন্দ আর উৎসবের আবহ।

হাসপাতাল থেকেই আনন্দের খবরটি নিশ্চিত করেন পলাশ। তিনি বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’

টেলিভিশন দর্শকদের কাছে জিয়াউল হক পলাশের পরিচিতি বাড়ে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং তার ক্যারিয়ারে বড় সাফল্যের মাইলফলক হয়ে ওঠে।

ব্যক্তিগত জীবনে পলাশ ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর জুলাই মাসে তিনি প্রথমবার বাবা হন। তার ছেলের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের জন্মে সেই পরিবারে যুক্ত হলো নতুন আনন্দ, যা আরও পরিপূর্ণ করল তাদের সংসার।

ক্যারিয়ারের শুরুটা ছিল পর্দার পেছনে। ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে যুক্ত হয়ে মিডিয়ায় কাজ শুরু করেন পলাশ। দীর্ঘ সময় তিনি খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।

পরবর্তীতে অভিনয়ের প্রতি মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ারে আসে নতুন গতি। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও সক্রিয় এই অভিনেতা-নির্মাতা।