ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচের রেশ কাটতে না কাটতেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রোববার ম্যাচ চলাকালীন সময়েই পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান।
এই ঘোষণার পরপরই ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা।
আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রাইজিং স্টার্স এশিয়া কাপ। নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রস্তুতি এগিয়ে চলেছে। কাকতালীয়ভাবে, যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, ঠিক সেই দিনই এই এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল মাঠে নামার কথা রয়েছে।
পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বর্জনের ঘোষণার প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে—উদীয়মান ক্রিকেটারদের এই মহাদেশীয় আসরে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান লড়াই আদৌ হবে কি না।