ঢালিউড ও টালিউড—দুই বাংলার দুই সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনায় উঠে এলেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকের সামনে আবারও হাজির হচ্ছেন তিনি।
এর আগে টালিউডের তারকা দেবের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটে জ্যোতির্ময়ী কুণ্ডুর। দেবের সঙ্গে কাজ করার পর শাকিব খানের সিনেমায় যুক্ত হওয়ায় এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জনের পর ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। দেব ও শাকিব খানের মধ্যে কাজের ধরণে কোনো পার্থক্য দেখেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে জ্যোতির্ময়ী জানান, দুই তারকাই ভীষণ বিনয়ী এবং নিজেদের কাজে সমানভাবে পরিশ্রমী।
তার মতে, আলাদা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও অভিনয়ের প্রতি নিবেদন—এই জায়গাগুলোতে দেব ও শাকিবের মধ্যে মিলই বেশি।