৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এ.এম

জয়ের রাতে আল নাসেরের চেয়ে বেশি আলোচনায় রোনালদো

জয়ের রাতে আল নাসেরের চেয়ে বেশি আলোচনায় রোনালদো

মাঠে জয় এলেও ম্যাচের আগে ও পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসেরের গুরুত্বপূর্ণ জয়ের রাতে পর্তুগিজ তারকার অনুপস্থিতিই ছাপিয়ে গেছে ম্যাচের ফলাফল।

সোমবার আল রিয়াদের মাঠে আল রিয়াদকে ১–০ গোলে হারায় আল নাসের। দলের হয়ে একমাত্র এবং ম্যাচ নির্ধারণী গোলটি করেন সাদিও মানে। এই জয়ের মাধ্যমে আল নাসের টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয়। তবে ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় রোনালদোকে স্কোয়াডে না রাখা নিয়ে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসের। ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেন মানে, কিন্তু আল রিয়াদের গোলরক্ষক মিলান বরিয়ান তার শট প্রতিহত করেন। এরপর কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ৪০তম মিনিটে ডেডলক ভাঙেন মানে, বক্সের মাঝখান থেকে নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন তিনি।

গোলের পর এগিয়ে থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে রাখে আল নাসের। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে তারা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ওপর অসন্তুষ্ট রোনালদো। ক্লাব পরিচালনা ও ট্রান্সফার নীতি নিয়ে ক্ষোভ থেকেই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

পিআইএফ সৌদি আরবের শীর্ষ চারটি ক্লাবের নিয়ন্ত্রণে রয়েছে। রোনালদোর অভিযোগ, আল নাসরের তুলনায় আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, কোচ জর্জ জেসুসের অধীনে আল নাসর প্রত্যাশিত মানের নতুন খেলোয়াড় পাচ্ছে না, অথচ অন্য ক্লাবগুলো নিয়মিত বড় নাম দলে ভেড়াচ্ছে।

এই বৈষম্য ও ট্রান্সফার নীতির প্রতি অসন্তোষই শেষ পর্যন্ত মাঠে রোনালদোর না নামার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।