৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এ.এম

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত কামনায় আজ মঙ্গলবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ এই রাতে মসজিদে-মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন। সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত এই রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী প্রদান করেছেন। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাণীতে প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত অর্জনের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।’

শবে বরাতের রাতে বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে সময় কাটাবেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।