২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পি.এম

জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) এই মামলায় প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ মোট ৪০ জন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ২৩৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়। একই সঙ্গে ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।