২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পি.এম

টিউলিপ ২, আজমিনা ৭, শেখ হাসিনাসহ বাকিদের ৫ বছর কারাদণ্ড

টিউলিপ ২, আজমিনা ৭, শেখ হাসিনাসহ বাকিদের ৫ বছর কারাদণ্ড

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব ববিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

প্রথম মামলাটি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে। এতে তাকে ৭ বছর, টিউলিপকে ২ বছর এবং শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় মামলাটি রাদওয়ান মুজিবের বিরুদ্ধে। এই মামলায় রাদওয়ানকে ৭ বছর, টিউলিপকে ২ বছর এবং শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কর্মকর্তাদের প্রভাবিত করেছেন। আসামিরা নিজের এবং অন্যদের লাভের জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

আজমিনার বিরুদ্ধে মামলা:
গত ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় টিউলিপ, শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই আদালত ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সাক্ষ্যগ্রহণ ১৩ আগস্ট শুরু হয়ে চলতি বছরের ৫ জানুয়ারি শেষ হয়। মামলায় মোট ৩১ জন সাক্ষ্য দিয়েছেন।

রাদওয়ানের বিরুদ্ধে মামলা:
রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে ১৩ জানুয়ারি মামলা দায়ের হয়। তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ ১৩ আগস্ট শুরু হয়ে গত মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হয়। মোট ২৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ। খুরশীদ আলম ছাড়া বাকিরা কারাগারে নেই।

এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত চারটি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একইসঙ্গে শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।