দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা নতুন জীবন উপহার পেয়েছেন—তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সুখবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। তিনিও জানিয়েছেন, মা ও দুই নবজাতক—সবাই সুস্থ ও ভালো আছেন।
চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “যমজ সন্তানের আগমনে আমাদের পরিবারের আনন্দ দ্বিগুণ হয়েছে। এটি আমাদের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত। সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তাঁর পোস্টে চিরঞ্জীবী ও তাঁর স্ত্রী সুরেখা—দুজনেরই স্বাক্ষর ছিল, যা পরিবারিক ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে।
এই পোস্টের পরই ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ জানাতে শুরু করেন।
রাম চরণ ও উপাসনার সম্পর্ক বহু বছর ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বাগদান হয় এবং ২০১২ সালের জুনে হায়দরাবাদে আয়োজন করা হয় তাঁদের বিয়ে। দীর্ঘ দিনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি। অন্যদিকে রাম চরণ কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে।
দম্পতি ২০২৩ সালের জুনে তাদের প্রথম সন্তান—কন্যা ‘ক্লিন কারা’-কে স্বাগত জানান, যা চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দ সৃষ্টি করেছিল। ২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার বিশেষ অনুষ্ঠান (সীমান্থম) উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর কথা উল্লেখ করে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।
ক্যারিয়ারের দিক থেকে রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি পরবর্তী ছবি ‘পেড্ডি’-র প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।