পূর্বাচলের নবনির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মোট ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। মেলায় অংশ নেওয়া দেশি প্রতিষ্ঠানগুলো প্রায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ অর্জন করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। আয়োজক সূত্র জানায়, এবার মেলায় পণ্য বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ৩.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, রপ্তানি আদেশে বিদেশি বাজার থেকেও বড় সাফল্য এসেছে। এবারের মেলায় মোট ১ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ২২৪ কোটি টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ এসেছে আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
মেলায় মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান রয়েছে। মেলার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য, পণ্যের মান, সেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিবেচনা করে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, প্রসাধন সামগ্রী, প্লাস্টিক ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা।