দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকার বিএনপির ২০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ কমিটির গুরুত্বপূর্ণ ছয়জন নেতা রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও আটজন নেতার নাম রয়েছে তালিকায়।
বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ এলাকার নেতারা হলেন— থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।
এ ছাড়া সোনারগাঁও এলাকার বহিষ্কৃত নেতারা হলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে একই ধরনের অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) সোনারগাঁও থানা ও ইউনিয়ন যুবদলের চার নেতাকেও বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃতরা হলেন— সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চারজনকেও দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।