২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পি.এম

৫ ব্যাংক থেকে কেনা হলো আরও ৫৫ মিলিয়ন ডলার

৫ ব্যাংক থেকে কেনা হলো আরও ৫৫ মিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখে দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এসব ডলার কেনা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে চলতি মাসের ২০ জানুয়ারি দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। একই মাসের ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে কেনা হয়েছিল অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ ডলার। এসব লেনদেনেও প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ ছাড়া গত ৬ জানুয়ারি ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক, সেবারও একই বিনিময় হার প্রযোজ্য ছিল।

সর্বশেষ বৃহস্পতিবারের ক্রয়সহ চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আজ মঙ্গলবার পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৫ মিলিয়ন (৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.৩০ টাকা এবং কাট-অফ রেটও নির্ধারণ করা হয় ১২২.৩০ টাকা।’

তিনি আরও জানান, এর ফলে নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসে মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলারে। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ হয়েছে ৩,৯৩৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।