২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এ.এম

নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার (২৫ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে সরকারি ছুটির এই ঘোষণা দিয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান টানা চার দিন বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার, এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিত হবে।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে।”