২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এ.এম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রার্থীদের। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে জেলা পর্যায়ে শুরু হচ্ছে এই নিয়োগ পরীক্ষার মৌখিক ধাপ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আগেভাগেই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদের নাম: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়

মৌখিক পরীক্ষার সময়সূচি: ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্রের নির্দেশনা

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে রাখতে হবে—

১. অনলাইনে আবেদন করার সময় আপলোড করা ছবি।
২. পূরণ করা আবেদনের একটি কপি।
৩. নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া), জাতীয় পরিচয়পত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত গেজেট ও সম্পর্কের সনদের সত্যায়িত কপি।
৫. শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সনদ।
৬. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সিটি করপোরেশন এলাকায় জেলা প্রশাসকের দেওয়া পরিচিতি সনদ।

সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের একজন গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। এসব নথি আগামী ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।