২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এ.এম

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবক

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে, এবং এই অভিযোগ পেয়ে এক অভিভাবক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছেন। 

অভিভাবক শাহাজাহান সরকার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন যে, সরকারি নীতিমালায় নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষক প্রতিজন থেকে ৬০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে ষষ্ঠ শ্রেণির ভর্তি ফি হিসেবে সরকারিভাবে নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকা থাকা সত্ত্বেও শিক্ষক ১,০০০ থেকে ১,৫০০ টাকা করে দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, সেশন ও ভর্তির নামে বিভিন্ন অতিরিক্ত টাকা নিয়েছেন, যা সরকারি নিয়মের পরিপন্থী। 

 

বাদীপক্ষ দাবি করেছেন, গ্রহনকৃত টাকার একটি অংশ ব্যাংকে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হচ্ছে, আর বিদ্যালয়ের ভিতরে বিশেষ কোচিং কার্যক্রমের জন্যও টাকা নেওয়া হচ্ছে, যার ফলে পাঠদানের পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশের দোকানঘর ভাড়ার অর্থ কিংবা অন্যান্য আয় বিষয়েও যথাযথ হিসাব প্রদর্শনের অভাব রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

 

অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, “বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে কিছু অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে,” এবং তিনি নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা

হবে।