সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ২২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪টা থেকে এবং চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
প্রাথমিক আবেদন ফি হিসেবে এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এই ফি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে।
যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে কমপক্ষে সিজিপিএ ২.২৫ থাকতে হবে। পাশাপাশি প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা প্রথম পর্ব মাস্টার্সে (নিয়মিত) উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে প্রাইভেট কিংবা বর্তমানে অন্য কোনো মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদনযোগ্য নন।
আরও জানানো হয়েছে, আবেদনকারীদের স্নাতক ও মাস্টার্স পর্যায়ের প্রাপ্ত নম্বর বা সিজিপিএ অনুযায়ী বিষয়ভিত্তিক মেধাতালিকা তৈরি করা হবে। মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচি, নির্দেশনা ও অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus’ ও ‘Important Notice’ বিভাগে পাওয়া যাবে।