২০ জানুয়ারি ২০২৬, ১১:১১ এ.এম

ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ আসামির রায় আজ

ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ আসামির রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট ৮ জন আসামি রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হস্তান্তরের পর পুনর্গঠিত এই ট্রাইব্যুনাল এটি দ্বিতীয় রায় ঘোষণা করতে যাচ্ছে। ওই দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

মামলার ৮ আসামির মধ্যে চারজন পলাতক—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

চানখাঁরপুল মামলায় তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২১ এপ্রিল দাখিল করা হয়েছিল। পুনর্গঠিত ট্রাইব্যুনাল এটিই প্রথম তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছিল। ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং একই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার গত বছরের ১১ আগস্ট শুরু হয়, যার মধ্যে সাক্ষ্য গ্রহণ, সূচনা বক্তব্য এবং যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। প্রসিকিউশন এ মামলায় ২৬ জন সাক্ষী উপস্থাপন করেছে, আর আসামিপক্ষও তাদের পক্ষের সাক্ষী দিয়েছেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, "আমরা প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এছাড়া তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের দেওয়ার আবেদন করা হয়েছে।"

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় হয়েছিল ২০২৫ সালের ১৭ নভেম্বর। সে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।