দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়ে নতুন এক উচ্চতায় পৌঁছেছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মূল্যবান এই ধাতুর দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই মূল্যতালিকা আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে।
সোমবার রাতে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। আজ পর্যন্ত সেই দরেই সোনা কেনাবেচা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হবে। আগের দরের তুলনায় আগামীকাল থেকে ভরিপ্রতি ২২ ক্যারেটে ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৯১৬ টাকা বেশি গুনতে হবে ক্রেতাদের।
সোনার পাশাপাশি এবার রুপার দামও বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা থাকলেও আগামীকাল থেকে তা ২৯১ টাকা বেড়ে ৬ হাজার ২৪০ টাকা হবে। এ ছাড়া মঙ্গলবার থেকে ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকায় গিয়ে দাঁড়াবে।