সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ডিজিটাল হাজিরা বিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণের জন্য ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে মনোনয়ন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ জানুয়ারির মধ্যে এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিভাগটির সিনিয়র সহকারী সচিব কাজী নাজিব হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যথাযথ নিয়ম মেনে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল হাজিরা বিষয়ক এই সেমিনারটির গুরুত্ব বিবেচনায় ৯ম বা তার উপরের গ্রেডে কর্মরত একজন যোগ্য কর্মকর্তাকে মনোনীত করতে হবে। মনোনীত কর্মকর্তার বিস্তারিত তথ্য আগামী ২১ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের নির্ধারিত ইমেইল ঠিকানায় (moe.trainingsection@gmail.com) পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক কাজের আধুনিকায়ন ও ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণের লক্ষে আয়োজিত এই সেমিনারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মন্ত্রণালয়।