১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এ.এম

গুম-নির্যাতন মামলা: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

গুম-নির্যাতন মামলা: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আজ থেকে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন জানিয়েছে, আজ প্রথমে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণের ধাপ শুরু হবে। গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ ১৩ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের সঙ্গে আজকের দিন নির্ধারণ করেন।

মামলার ১৩ আসামির মধ্যে তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন:

  • ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন

  • ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী

  • ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী

বাকি ১০ জন পলাতক। এর মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন:

  • লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন

  • মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন

  • লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম

  • লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী

  • মেজর জেনারেল (অব.) হামিদুল হক

অন্যরা হলেন:

  • শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক

  • ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম

  • মেজর জেনারেল কবীর আহাম্মদ

  • লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক

প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের সময়কাল ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। এই সময়কালে মোট ২৬ জন গুম হন। জেআইসি সেলে আটক অবস্থায় তাদের ওপর করা নির্যাতনের বীভৎসতা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানিতে তুলে ধরেন।

অভিযোগ গঠনের পর ৯ ডিসেম্বর গ্রেপ্তার তিন আসামির পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু চারটি কারণে (গ্রাউন্ড) দেখিয়ে তাদের অব্যাহতির আবেদন করেন। পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা শুনানি পরিচালনা করেন।

এ মামলায় সর্বপ্রথম গত বছরের ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ৮ অক্টোবর ট্রাইব্যুনাল-১ ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ গ্রহণ করেন।