১২ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পি.এম

বাংলাদেশিদের জন্য আরও চ্যালেঞ্জিং হলো অস্ট্রেলিয়ার ভিসা

বাংলাদেশিদের জন্য আরও চ্যালেঞ্জিং হলো অস্ট্রেলিয়ার ভিসা

উচ্চশিক্ষার অন্যতম প্রধান গন্তব্য অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান প্রক্রিয়ায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকে এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল থ্রি’ বা ‘সবচেয়ে উচ্চ ঝুঁকির’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৮ জানুয়ারি থেকেই অস্ট্রেলীয় স্বরাষ্ট্র দপ্তরের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনগুলো আগের চেয়ে অনেক বেশি কঠোর তদারকি এবং নথিপত্র যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

ঝুঁকির তালিকায় যে পরিবর্তনগুলো এলো:

অস্ট্রেলিয়ার নতুন এই মূল্যায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানের ব্যাপক রদবদল ঘটেছে। যার চিত্র নিচে তুলে ধরা হলো:

  • বাংলাদেশ: লেভেল ১ থেকে সরাসরি লেভেল ৩-এ (উচ্চ ঝুঁকি) নামিয়ে আনা হয়েছে।

  • ভারত ও নেপাল: লেভেল ২ থেকে লেভেল ৩-এ অবনমন করা হয়েছে।

  • ভুটান: লেভেল ২ থেকে লেভেল ৩-এ নেওয়া হয়েছে।

  • শ্রীলঙ্কা: লেভেল ১ থেকে লেভেল ৩-এ স্থানান্তর করা হয়েছে।

  • পাকিস্তান: এই দেশটি আগে থেকেই লেভেল ৩ তালিকায় অবস্থান করছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন দেশের শিক্ষার্থী ভিসা আবেদন মূল্যায়নে ‘কান্ট্রি এভিডেন্স লেভেল’ (অ্যাসেসমেন্ট লেভেল)-এ সাম্প্রতিক পরিবর্তনগুলো ‘উদীয়মান নথি বৈধতা সমস্যা নিয়ন্ত্রণে’ এবং ‘সত্যিকারের শিক্ষার্থীদের সহায়তা নিশ্চিত করতে’ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র এবং একাডেমিক নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় ভিসা বাতিলের হার উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।