৬ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পি.এম

ভারত থেকে ১,৮০,০০০ টন ডিজেল আমদানির অনুমোদন

ভারত থেকে ১,৮০,০০০ টন ডিজেল আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারত থেকে বড় পরিসরে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগত অনুমোদন পেয়েছিল।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত হয়। এই পরিমাণ জ্বালানি কিনতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকার সমপরিমাণ।

সূত্র জানায়, প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইজ ধরা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার। উল্লেখ্য, ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে ভারত থেকে ডিজেল আমদানি করছে বাংলাদেশ। পাশাপাশি ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আসছে।

এদিকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ থাকায় ভারত থেকে ডিজেল আমদানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এই চুক্তি আমরা করিনি, এই চুক্তি অনেক আগের। সেই চুক্তির অধীনে আনা হচ্ছে।”

বৈঠক সূত্রে আরও জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব উত্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।