৬ জানুয়ারি ২০২৬, ১০:২০ পি.এম

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ জকসু’র ভোট গণনা

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ জকসু’র ভোট গণনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ওএমআর মেশিনে গণনা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তাতে সমস্যা দেখা দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনার শুরুতে দুইজন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় অসামঞ্জস্য ধরা পড়ে। ফলাফলের নির্ভুলতা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে পুনরায় যাচাই কার্যক্রম শুরু করা হয়। তবে তিন ঘণ্টার বেশি সময় পার হলেও রাত পর্যন্ত ভোট গণনা আবার শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, “ভোট গণনা কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু মেশিনে কিছু কারিগরি সমস্যা দেখা দেওয়ায় গণনা বন্ধ রাখতে হয়েছে। দুটি মেশিনের ফলাফল মিলিয়ে যাচাই করা হচ্ছে। কোথায় সমস্যা হয়েছে, তা দ্রুত শনাক্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় বিকাল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রগুলোর বাইরে ভোটারদের দীর্ঘ সারি থাকায় সময় বাড়িয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বক্সগুলো কঠোর নিরাপত্তার মধ্যে নির্ধারিত গণনাকেন্দ্রে নিয়ে আসা হয়।

দুপুরে ভোটগ্রহণের সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, এবারের জকসু নির্বাচনে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়তে পারে বলে তারা আশাবাদী।