২ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ পি.এম

শীতেই আলুর লেইট ব্লাইটের বড় ঝুঁকি, আগাম সতর্কতা দিল কৃষি বিভাগ

শীতেই আলুর লেইট ব্লাইটের বড় ঝুঁকি, আগাম সতর্কতা দিল কৃষি বিভাগ

শীতের শুরুতেই আলুচাষিদের জন্য আশঙ্কার বার্তা দিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটির উদ্ভিদ সংরক্ষণ উইং জানিয়েছে, চলতি শীত মৌসুমে আলুর লেইট ব্লাইট বা মড়ক রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে কৃষকদের এখনই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল আলুর মড়ক রোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ সময় তাপমাত্রা কমে গেলে, কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়া তৈরি হলে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে রোগটি দ্রুত বিস্তার লাভ করে।

বিজ্ঞপ্তিতে রোগের লক্ষণ সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। শুরুতে গাছের গোড়ার দিকের পাতায় ভেজা ধরনের হালকা সবুজ গোলাকার কিংবা অনিয়মিত দাগ দেখা যায়। অল্প সময়ের মধ্যেই এসব দাগ কালচে হয়ে পাতা পচে যেতে শুরু করে। ভোর বা সকালে মাঠ পরিদর্শনের সময় আক্রান্ত পাতার নিচের অংশে সাদা পাউডারের মতো জীবাণু চোখে পড়ে, যা লেইট ব্লাইট রোগের স্পষ্ট ইঙ্গিত।

রোগ দেখা দেওয়ার আগেই কী করতে হবে, সে বিষয়েও নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া মাত্রই রোগ প্রতিরোধে সাত দিন পরপর অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে বলা হয়েছে। স্প্রে করার সময় গাছ সম্পূর্ণভাবে ভিজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

আর যদি জমিতে ইতোমধ্যে মড়ক রোগের আক্রমণ শুরু হয়ে যায়, তাহলে সেচ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি চার থেকে পাঁচ দিন পরপর অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যাতে রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।