মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা ও সহকারী সম্প্রসারণ কর্মকর্তা—এই চারটি পদের জন্য মোট ৬৭৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। চার ঘণ্টাব্যাপী এই পরীক্ষার মোট নম্বর ২০০।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হবে—
বাংলা: ৪০
ইংরেজি: ৪০
সাধারণ জ্ঞান: ৪০
প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়: ৮০
পিএসসি জানিয়েছে, কোনো প্রার্থী যদি উপরে উল্লেখিত একাধিক পদের জন্য আবেদন করে থাকেন, তাহলে তিনি যেকোনো একটি পদের লিখিত পরীক্ষায় অংশ নিলে অন্য পদের পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন বলে গণ্য হবেন। তবে যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, সেই পদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এ ছাড়া পরীক্ষা শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বন বা অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার পিএসসি সংরক্ষণ করে।
পরীক্ষা শেষে পরিদর্শকেরা উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে অবস্থান করতে হবে। বিষয়ভিত্তিক উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন।